২৫ জুন ২০২৬, ১৯:২৮

আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

আটককৃত নারী-পুরুষ   © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজ থেকে তাদের আটক করে  জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ৭ নারী ও ৭ পুরুষকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও তাদের খদ্দের রয়েছেন। এছাড়া অবৈধ সম্পর্কের সূত্রে কয়েকজন নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযান শেষে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কিছু ব্যক্তি দেহ ব্যবসার সঙ্গে জড়িত এবং কিছু নারী-পুরুষ পরকীয়া সম্পর্কের সূত্রে সেখানে অবস্থান করছিলেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।