২৫ জুন ২০২৬, ১৯:০৫

১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি

১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি  © টিডিসি সম্পাদিত

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানে জব্দ করা প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সেক্টর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা। ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১৩ হাজার ১৯০ বোতল ফেনসিডিল, ২৯ হাজার ৮৩০ পিস ইয়াবা, ৮ হাজার ৯৬২ বোতল বিদেশি মদ, ৬৭ হাজার ৮৬৬ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২ লাখ ৪৮ হাজার ৫৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫ লাখ ৩৪ হাজার ৩৩৭ পিস মদ তৈরির ট্যাবলেট।

দিনাজপুর সেক্টরের আওতাধীন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাঈন। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এবং দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাসুদ হাসান। এসময় জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা, নৈতিকতা ও ভবিষ্যৎ ধ্বংস করে, বিশেষ করে তরুণ সমাজকে বিপথগামী করে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক ও চোরাচালান নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদকের প্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।