সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মিলনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১১ টায় সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মিলন রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোড এলাকায় ছিনতাইকারীর হাত থেকে অন্য একজনকে রক্ষা করতে গিয়ে নিহত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাবী শিক্ষার্থী খন্দকার আবু তালহা হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।