বাড়ির পাশে ঝোপে পড়ে ছিল একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদের’ (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইদ সরদার ওই গ্রামের নয়া সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশের একটি ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা সেখানে গিয়ে সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের পাশেই একটি রক্তমাখা ধারালো চাকু পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। স্থানীয়দের ধারণা, এলাকাভিত্তিক মাদক ব্যবসা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।