২৩ জুন ২০২৬, ১৭:০৯

নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার 

পুলিশের হাতে গ্রেফতার যুবলীগ নেতা  © টিডিসি ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতার প্রস্তুতিকালে আবু বক্কর সিদ্দিক (৪২) নামে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার আবু বকর সিদ্দিক রাজনগর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক  ও সাবেক ইউপি মেম্বার।

সোমবার (২২ জুন) দিবাগত ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার প্রস্তুতির অভিযোগে নিজ বাড়ি থেকে প্রথমে তাকে আটক করা হয়। পরে ডিবি পুলিশের অধীনস্থ একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ।

কেন্দুয়া  থানার ওসি  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কেন্দুয়া  থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।  আজ মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।'