কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় ল্যাপটপের ব্যাগে বিশেষভাবে তৈরি গোপন অংশ থেকে ৯ হাজার ৮২৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জেসমিন আক্তার (৩৫) নামের এক নারী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে উদ্ধার করা ইয়াবা ও আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) নভোএয়ারের ঢাকাগামী ফ্লাইট ভিকিউ-৯২২-এ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দরে আসেন জেসমিন আক্তার। তিনি নিয়ম অনুযায়ী বোর্ডিং পাস সংগ্রহের পর বিমানবন্দরের নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে তার হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের জন্য জমা দেন।
স্ক্যানিংয়ের সময় সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মীরা তার একটি ল্যাপটপ ব্যাগে অস্বাভাবিক কিছু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে ব্যাগটি আরও নিবিড়ভাবে পরীক্ষা করা হয়। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী রাকেশ দে ব্যাগটির দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে লুকিয়ে রাখা ইয়াবা শনাক্ত করেন।
পরবর্তী সময়ে ব্যাগটি খুলে তল্লাশি চালানো হলে সেখান থেকে ৯ হাজার ৮২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবাগুলো অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল, যাতে সাধারণ তল্লাশিতে সহজে ধরা না পড়ে। তবে বিমানবন্দরের আধুনিক স্ক্যানিং ব্যবস্থা ও নিরাপত্তাকর্মীদের সতর্কতার কারণে মাদকের চালানটি ধরা পড়ে।
ঘটনাস্থলেই জেসমিন আক্তারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আটক জেসমিন আক্তার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত হারুন মিয়া এবং মাতা মৃত শাহেনা আক্তার।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা ইয়াবা ও আটক নারীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বিমানবন্দরকে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহারের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নিয়মিত স্ক্যানিং ও গোয়েন্দা নজরদারির কারণে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।