আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানের সময় টাস্কফোর্সের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ফয়সাল (২৪) নামে এক চিহ্নিত মাদককারবারিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা।
হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী পুড়াভিটা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসীর হাসান খানের নেতৃত্বে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ওই এলাকায় যৌথ অভিযান চালায়।
অভিযানে প্রথমে আশীষকে গাঁজাসহ আটক করা হয়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অপরদিকে, স্থানীয় মাদক বিক্রেতা বেবীর ছেলে ফয়সালকে মাদক ও নগদ টাকাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। ফয়সালকে আটক করে হ্যান্ডকাফ পরানোর পরপরই পুড়াভিটা এলাকার মাদককারবারিরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে টাস্কফোর্সের ওপর অতর্কিত হামলা চালায়।
ব্যাপক হট্টগোল ও মারমুখী পরিস্থিতির সুযোগ নিয়ে তারা হ্যান্ডকাফসহ ফয়সালকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মাদককারবারিদের আকস্মিক হামলায় ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কয়েকজন সদস্য আহত হন।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুড়াভিটা এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে দুইজনকে মাদকসহ আটক করে। এর মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে সাজা দেওয়া হয়। তবে অপর আসামি ফয়সালকে হ্যান্ডকাফ পরানোর পর স্থানীয় মাদককারবারিরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। হামলায় অধিদফতরের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"