২০ জুন ২০২৬, ০৭:৪৪

রাজধানীতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল, লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার

আ. লীগের দুই নেতা গ্রেপ্তার  © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় দুই নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর আগে শুক্রবার সকালে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে পুরান ঢাকার সদরঘাট থেকে ভোলাগামী একটি লঞ্চ থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন ভোলার তজুমুদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মেহেদি হাসান এবং একই উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ কিরণ।

শুক্রবার রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিএমপির ডিবি উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইলিয়াস কবির জানান, সকালে মেহেদি হাসান ও শহীদুল্লাহ কিরণের নেতৃত্বে উত্তরায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা যৌথভাবে একটি ঝটিকা মিছিল বের করেন। পরবর্তীতে সেই মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, বিকেলে ডিবির কাছে তথ্য আসে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ওই মিছিলে অংশ নেওয়া মেহেদি হাসান ও শহীদুল্লাহ কিরণ ভোলায় যাওয়ার উদ্দেশ্যে পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ভোলাগামী ইলিশা লঞ্চে উঠেছেন।

ওই তথ্যের ভিত্তিতে ডিবি উত্তরা বিভাগের একটি দল রাতে ইলিশা লঞ্চে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ডিবি সূত্রে জানা গেছে, আটক মেহেদি হাসান তজুমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। অপরদিকে শহীদুল্লাহ কিরণও একই উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।