১৯ জুন ২০২৬, ১৬:০৭

২৫ হাজার টাকায় কন্যাশিশুকে বিক্রি করলেন বাবা, স্ত্রীকে জানালেন ‘জিনে নিয়ে গেছে’ 

পুলিশের সহায়তায় উদ্ধার  © সংগৃহীত

মাগুরা সদর উপজেলার রামদেরগাতী গ্রামে মাত্র ২৫ হাজার টাকার বিনিময়ে দুধের কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বাবা সাগর হোসেনের বিরুদ্ধে। ঘটনার প্রায় দুই মাস পর অবশেষে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে মাগুরা সদর থানা-পুলিশ। অভিযুক্ত বাবা সাগর হোসেন মঘি ইউনিয়নের দক্ষিণ বীরপুর গ্রামের শাহাবুর নামের এক ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করে দিয়েছিল।

মাগুরার পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, গত ২৭ মে তারিখে মাত্র ২৫ হাজার টাকার বিনিময়ে এবং নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে নিজের শিশুসন্তানকে অন্য দম্পতির কাছে বিক্রি করে দেন বাবা সাগর হোসেন। সন্তানকে হারিয়ে গত ১ মাস ২৫ দিন ধরে মা তানজিলা খাতুন হন্যে হয়ে সন্তানের খোঁজ করতে থাকলে, অভিযুক্ত বাবা সাগর তাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এমনকি সন্তানকে ‘জীনে নিয়ে গেছে’ এবং ‘জীনের মাধ্যমেই আবার ফেরত আনা হবে’—এমন অবিশ্বাস্য মিথ্যা ও অলৌকিক আশ্বাস দিয়ে তিনি প্রায় দুই মাস সময় অতিবাহিত করেন।

পরবর্তীতে মা তানজিলা খাতুনের সন্দেহ হলে বিষয়টি জানাজানি হয়। এরপর মাগুরা জেলা পুলিশ আধুনিক তথ্য-প্রযুক্তির সহযোগিতা এবং স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ জুন (বৃহস্পতিবার) দুপুরে মঘি ইউনিয়নের দক্ষিণ বীরপুর গ্রামের শাহাবুর ও মনিরা খাতুন দম্পতির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের পরপরই রাতেই শিশুটিকে তার মা তানজিলা খাতুনের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজের সন্তানকে স্ট্যাম্পে লিখে বিক্রি করে দেওয়ার মতো এই অমানবিক ও বেআইনি ঘটনায় জড়িত কুলাঙ্গার বাবা সাগর হোসেন এবং শিশুটিকে অর্থের বিনিময়ে কিনে নেওয়া দম্পতির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।