১৮ জুন ২০২৬, ১৯:৫৭

ফরিদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গাঁজাসহ আটক যুবক (মাঝে)  © সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে ট্রাফিক পুলিশের নিয়মিত তল্লাশিতে প্রায় দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা তার দুই সহযোগী পালিয়ে গেলেও উদ্ধার করা মাদকসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।

ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য্য জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় নিয়মিত বিভিন্ন যানবাহন চেকের সময় তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল কাজপত্র চেক করার সময় সঙ্গে থাকা দুই আরোহী দৌড়ে পালিয়ে গেলে সন্দেহবশত তল্লাশি করে রানা খানের কাছ থেকে প্রায় দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা  হয়েছে। তাকে মধুখালী থানায় গাঁজাসহ হস্তান্তর করা হয়েছে।

মধুখালী থানা পুলিশের পরিদর্শক সুকদেব রায় জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দুই কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে একটি মাদক মামলা রুজু করা হবে। আইনি প্রক্রিয়া চলমান।