১৮ জুন ২০২৬, ০৮:৫৪

রাজধানীতে নার্সিং ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতীকী ছবি   © সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুরের কাজীপাড়ায় একটি ভাড়া বাসার ফ্ল্যাট থেকে রাবেয়া ওরফে জেনি খান (২৪) নামের এক নার্সিং শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী আশিকুজ্জামান নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক আলামত দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ—এটি একটি হত্যাকাণ্ড।

গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পূর্ব কাজীপাড়ার কামারের গলির একটি সাততলা ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ফ্ল্যাটের ভেতর থেকে বাইরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা বিষয়টি বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক তখন কাফরুল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর তারা ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং বিছানার ওপর রাবেয়ার অর্ধগলিত লাশ দেখতে পান।

নিহত রাবেয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি শ্যাওড়াপাড়া ট্রমা ইনস্টিটিউটের নার্সিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ আরও জানায়, চলতি বছরের এপ্রিল মাস থেকে স্বামী আশিকুজ্জামানের সঙ্গে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন রাবেয়া। স্বজনদের তথ্যমতে, পরিবারের অমতে বিয়ে করায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল।

এই ঘটনার বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, 'প্রাথমিক তথ্যমতে ১৪ জুন রাতে আশিকুজ্জামান বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।'

তিনি আরও বলেন, 'লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলের পরিস্থিতি ও অন্যান্য আলামত বিবেচনায় এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং নিখোঁজ স্বামীকে খুঁজে বের করতে তদন্ত চলছে।'