১৮ জুন ২০২৬, ০১:৪৮

বিএনপি নেতাকে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধের অভিযোগ

অভিযুক্ত বিএনপি নেতা মো. শহীদুজ্জামান মিল্টন  © টিডিসি ফটো

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের কাজে বাধা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় উপজেলা বিএনপির সদস্য মো. শহীদুজ্জামান মিল্টনের বিরুদ্ধে। এই ঘটনায় ভবনের মালিক শফিকুল ইসলাম নান্দাইল মডেল থানা ও গৌরিপুর সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।

বুধবার (১৭ জুন) বেলা ১১টায় নান্দাইল হাসপাতাল রোডে নির্মাণাধীন ভবনের সামনে ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম জানান, ২০২৩ সালের দিকে নান্দাইল পৌরসভার সাবরেজিস্ট্রি অফিসের পাশে ৩ শতক ২০ পয়েন্ট জমি তিনি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মরহুম দেলোয়ার হোসেন ও তার ছেলে কাজী মাহমুদ রিয়াজের কাছ থেকে দুটি দলিল মূলে কেনেন। ওই জমিতে দোকান ও বসবাসের জন্য একটি ভবন নির্মাণ করছেন তিনি।

শফিকুল ইসলামের অভিযোগ, ভবন নির্মাণের কাজ দেখে ক্ষমতার অপব্যবহার করে মো. শহীদুজ্জামান মিল্টন ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হয়। এমনকি ভবনের কাজও বন্ধ করে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

শফিকুল ইসলাম আরও বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি ইলেকট্রনিক মালপত্রের ব্যবসা করছেন। চাঁদা দাবি ও হুমকির কারণে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত শফিকুল ইসলামের ভাগনে মো. সোহেল রানা বলেন, ‘চাঁদা না দেওয়ায় আমার মামাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। ক্ষমতার ভয় দেখিয়ে কাজে বাধা দিয়েছে। এতে আমরা আতঙ্কে দিন পার করছি।’

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা বিএনপির সদস্য মো. শহীদুজ্জামান মিল্টনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।