স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় গৃবধূর স্বামীকে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূ তার মায়ের বাড়িতে বসবাস করছিলেন। একই বাড়ির পৃথক কক্ষে তিনি স্বামী ও তিন বছর বয়সি সন্তান নিয়ে থাকতেন। রাত আনুমানিক একটার দিকে মুখোশধারী ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে স্বামীকে বেঁধে মারধর করে। পরে তারা গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে পরিবার দাবি করেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার পর বুধবার (১৭ জুন) গৃহবধূর মা পাগলা থানায় অভিযোগ করেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীকে চিকিৎসা ও পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।