টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহজনক একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।