শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটি রামচন্দ্রপুর আমিনা আজিজুল নুরে মদীনা হেফজুল কোরআন মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটি রামচন্দ্রপুর আমিনা আজিজুল নুরে মদীনা হেফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীর মা আজ দুপুরের দিকে বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মাদ্রাসার মোহতামিম হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমানকে (৩০) আসামি করা হয়েছে। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া রামনগর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ জুন দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী টয়লেট থেকে দেরি করে ফিরে এলে তার মা কারণ জানতে চাইলে, সে শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা জানায়। পরে শিশুটির মা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগে আরও বলা হয়, গত ছয় থেকে সাত মাস ধরে এ ধরনের নির্যাতন চলছিল।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আনিসুজ্জামান সিদ্দিকী (রেনু) বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি ভুক্তভোগীর পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।