নিখোঁজের ৪ দিন পর খোয়াই নদী থেকে মরদেহ উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে নিখোঁজ হওয়ার চার দিন পর মো. আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল এলাকা সংলগ্ন খোয়াই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আব্দুল্লাহ। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার চার দিন পর তাঁর মরদেহ নদীতে ভেসে ওঠে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।