১৩ জুন ২০২৬, ১৬:৪৮

গোপালগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী  © টিডিসি

গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ এলাকায় নিখোঁজের তিন দিন পর শাহিন শেখ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে স্থানীয় একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী।

নিহত শাহিন শেখ সদর উপজেলার ঘোষেরচর পশ্চিম পাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে সন্ধ্যার পর থেকে শাহিন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয় লোকজন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে শাহিন শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।