১৩ জুন ২০২৬, ১৬:১৭

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রতীকী ছবি  © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামে মহিলা কলেজ পাশে প্রতিবেশীর মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মীর ফারুক (৫০) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলার বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মীর ফারুক ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের বলিদাপাড়া এলাকায় একটি ভবনে সাবলেট হিসেবে পরিবার নিয়ে বসবাস করতেন ফারুক হোসেন। কালীগঞ্জ শহরে রিকশা চালিয়ে তিনি সংসার চালান। শুক্রবার দিবাগত রাতে তাদের সঙ্গে সাবলেট হিসেবে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের মেয়ে শিশুকে রিকশাচালক ফারুক হোসেন ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

পরে শনিবার সকালে ঘটনাটি শিশুটি তার মায়ের কাছে জানায়। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।