প্রধানমন্ত্রী কার্যালয়ের টেলিফোনের তার চুরি, ক্রেতা কারাগারে
রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেড টেলিফোন সংযোগের তামার তার চুরি হওয়া মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ও তারের ক্রেতা আসামি মো. মাহাবুব হাসানকে (৩৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই আদেশ দেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির (সিটিটিসি) টিমের উপ-পুলিশ পরিদর্শক ইনজামুল হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২২ মে সকাল ১০টা থেকে ১ জুন সকাল ১০টার মধ্যে যেকোনো সময় বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে পুরাতন ভবন- ১, ২ ও ৩ এর ছাদ থেকে বিটিসিএলের জোড়ার কপার ক্যাবল চুরির ঘটনা ঘটে। আনুমানিক ১১০ মিটার দীর্ঘ চুরি হওয়া সরকারি ক্যাবলের বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫ হাজার টাকা। এ ঘটনায় (বিটিসিএল) জুনিয়র সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ ও আধুনিক তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত ৪ জুন সচিবালয় এলাকা থেকে আউট সোর্সিংয়ে কর্মরত রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জন চুরির দায় স্বীকার করে জানায়, চুরিকৃত ক্যাবলের ভেতরের মূল্যবান তামা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে 'মেসার্স ভাই ভাই ট্রেডার্স' নামক ভাঙারির দোকানে বিক্রি করেছে। রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালের মূল ক্রেতা মো. মাহবুব হাসানকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি চোরাই তার ক্রয়ের বিষয় স্বীকার করলেও কোথায় রাখছে তা অস্বীকার করছে। এজন্য তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন।