১২ জুন ২০২৬, ১৮:১৬

জাবি শিক্ষার্থীকে বস্ত্রহীন করে দেওয়ানো হলো ‘জয় বাংলা’ স্লোগান, ছড়ানো হলো ভিডিও

ভুক্তভোগী শরীফ হোসেন (২১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী  © সংগৃহীত ও সম্পাদিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, মুক্তিপণ আদায় এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। পরে ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী শরীফ হোসেন গতকাল বৃহস্পতিবার রাতে পূর্বধলা থানায় তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার (১২ জুন) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী শরীফ হোসেন (২১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই গ্রামে। তিনি জানু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ত্রিমোহনী এলাকায় বেড়াতে গেলে শরীফ হোসেনকে দুই যুবক জোরপূর্বক স্থানীয় একটি ঈদগা মাঠে নিয়ে যায়। পরে সেখানে আরও একজন যোগ দেন অপহরণকারীদের সঙ্গে। এ সময় তাকে মারধর করা হয় এবং দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের আর্থিক অক্ষমতার কারণে মুক্তিপণ দিতে না পারলে অভিযুক্তরা শরীফের কাছে থাকা ৪ হাজার ৫৬০ টাকা, বিকাশ অ্যাকাউন্ট থেকে ১১ হাজার ৫০০ টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে তাকে ছেড়ে দেয়।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, শরীফ হোসেনকে বস্ত্রহীন করে বলানো হচ্ছে, ‘আমি একজন জুলাই যোদ্ধা, আমি আর জুলাই করতাম না। জুলাই...। আমি আগে ভুল করছি ছাত্রদের পক্ষে থাইক্কা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এ সময় বস্ত্রহীন অবস্থায় শরীফকে কাঁদতে দেখা যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভুক্তভোগী শরীফ হোসেন তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’