১২ জুন ২০২৬, ১৭:১১

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক

আটক তরুণ  © সংগৃহীত

রাঙামাটির রাজবন বিহারে দানবাক্স চুরির চেষ্টার সময় এক তরুণকে আটক করেছে বিহার কর্তৃপক্ষ। পরে মুচলেকা নিয়ে ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই তরুণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা। আটকের সময় তার পরনে ব্রাজিলের জার্সি ছিল। বৃহস্পতিবার (১১ জুন) এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন ভোরে বিহারের ভিক্ষু সংঘ পিণ্ড সংগ্রহে (খাবার খাওয়া) ব্যস্ত ছিলেন। এ সুযোগে ওই তরুণ রাজবন বিহারের মূল মন্দির থেকে কাঠের দানবাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে বিহারের উপাসক-উপাসিকারা বিষয়টি দেখে ফেলেন। এ সময় ওই তরুণকে হাতেনাতে আটক করেন তাঁরা।

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটকের পর ওই তরুণ তার ভুল স্বীকার করেছেন। এরপর ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ কারণে লিখিত মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে প্রতিদিন শত শত ভক্ত-উপাসক-উপাসিকা ধর্মীয় কার্যাদি সম্পাদন করতে আসেন। দানবাক্সের অর্থ দিয়েই বিহারের রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। দানবাক্স চুরির চেষ্টার ঘটনার পর বিহারটির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়, সে জননিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।