১২ জুন ২০২৬, ১৬:০৬

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

রফিকুল ইসলাম গাজী  © ফাইল ছবি

খুলনায় রফিকুল ইসলাম গাজী নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১২ জুন) দুপুরে লবণচরা থানার মাথাভাঙা এলাকায় তাকে গুলি করা হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত রফিকুল ইসলাম বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি লবণচরা থানার কাজীপাড়ার রতন গাজীর ছেলে। এলাকায় ঢাকাইয়া রফিক নামে তিনি পরিচিত ছিলেন।

জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরা থানার কাজীপাড়া বাজারে রফিকুল ইসলাম বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে হেলমেট পরা এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তদন্ত শুরু হয়েছে।