১০ জুন ২০২৬, ১৯:৫৪

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে নিহত ১

নিহত জয়দেব পান্ডে  © টিডিসি সম্পাদিত

রাজধানীর চানখাঁরপুলে বাসে উঠতে গিয়ে মৌমিতা পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়ে জয় দেব পান্ডে (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জয় দেব পান্ডে রয়েল ল্যাবরেটরিজের (হারবাল মেডিসিন) একজন ডিস্ট্রিবিউটর ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জয় দেবের দুই মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। তার পরিবার বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে চানখাঁরপুল এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন জয়দেব। এ সময় বাসটি চলতে শুরু করলে পাশ দিয়ে যাওয়া একই পরিবহনের আরেকটি বাস পাল্লা দিতে গিয়ে দ্রুতগতিতে এগিয়ে যায়। একপর্যায়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জয় দেবের সহকর্মী মিজানুর রহমান বলেন, জয়দেব আজ বিকেলে ব্যবসায়িক কাজ শেষে শাহবাগ থেকে যাত্রাবাড়ীর বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন। পরে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে এসে জানতে পারি, তিনি মারা গেছেন। 

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে।