বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
পটুয়াখালীর বাউফলে এক বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। একই দিন এ ঘটনায় বাউফল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার যুবকের নাম সাব্বির খান ওরফে রাব্বি (১৯)। তিনি উপজেলার বগা ইউনিয়নের বাসিন্দা শহিদুল খানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। পাশাপাশি তার মানসিক বিকাশও স্বাভাবিক নয়। এ সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত সাব্বির বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। কিছুদিন ধরে কিশোরী শারীরিকভাবে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসকের মাধ্যমে পরিবার জানতে পারে ভুক্তভোগী প্রায় নয় সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে কিশোরী অভিযুক্তের নাম উল্লেখ করে ঘটনার বর্ণনা দেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত সাব্বির প্রথমে একটি বাগানের ভেতরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে একই ধরনের ঘটনা ঘটান। এর ফলেই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে তাদের দাবি।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে বলে জানান তিনি।