নাটোর সদর হাসপাতালে শিশুর মাকে ধর্ষণের অভিযোগে তিন সুইপার আটক
রাজশাহীর নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তিন পরিচ্ছন্নতাকর্মীকে (সুইপার) আটক করেছে পুলিশ।
মামলা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, নাটোর পৌর এলাকার এক নারী তাঁর দুই বছর বয়সী অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য ৫ জুন সন্ধ্যায় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। গত ৭ জুন রাত ১১টার দিকে অমিত শিশুটির মাকে ওষুধ দেওয়ার কথা বলে লিফটে নিয়ে যান। পরে ওই নারী ধর্ষণের শিকার হন। ধর্ষণের ভিডিও ধারণ করেন অনিল ও প্রাঙ্গণ। পরে সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
শিশুর কান্নাকাটি ও মাকে খুঁজে না পেয়ে হাসপাতালের কর্মীরা খোঁজ শুরু করলে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ছয়তলার সিঁড়ি থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন হিন্দু ধর্মাবলম্বী তিন যুবক- অমিত (২৩), অনিল (২৪) ও প্রাঙ্গণ (২৩)। তারা নাটোর শহরের আলাইপুর সুইপার কলোনির বাসিন্দা।
এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে।
নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান জানান, ভুক্তভোগীর জবানবন্দি নেওয়া হয়েছে, ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।