০৯ জুন ২০২৬, ১৮:০৬

ঝিনাইদহে ভোররাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

ঝিনাইদহে ভোররাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল  © সংগৃহীত ও সম্পাদিত

ঝিনাইদহ শহরে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) ভোররাতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। বিষয়টি প্রশাসনের নজরে এলে সোমবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

মামলার পরপরই জেলাজুড়ে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিককে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ভোররাতে ঝটিকা মিছিল করে। বিষয়টি জানার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।