০৮ জুন ২০২৬, ২১:৫৭

পাবনায় ৩ ঘণ্টায় ২ খুন, বিকেলে ছুরিকাঘাত, সন্ধ্যায় ছেলের সামনে বাবাকে গুলি

পাবনায় ৩ ঘণ্টায় ২ খুন, সজনদের আহাজারী  © সংগৃহীত ও সম্পাদিত

পাবনার শহরে হোসেন আলী নামের এক ব্যক্তিকে সন্তানের সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় মনিরুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে গুলি করে এবং বিকেলে ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত হোসেন আলী (৫৫) পাবনা সদর উপজেলার গয়েশপুর জাফরাবাদ গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। এছাড়া ছুরিকাঘাতে নিহত মনিরুল ইসলাম (২২) পাবনার সাঁথিয়া উপজেলার শিবরামপুর পশ্চিমপাড়া গ্রামের মুন্নাফ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলে রোহানকে (১২) দিয়ে আসতে গিয়েছিলেন হোসেন আলী। আগে থেকে সেখানে আশপাশে ওত পেতে থাকা দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান। 

অপরদিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পূর্ব বিরোধের জেরে বিকেলে রাকিব ও মনিরুল নামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর মধ্যে মনিরুলকে ছুরিকাঘাত করে রাকিব। আশপাশের লোকজন এগিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে রাকিব পাশের পুকুরে ঝাঁপ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাকিবকে আটক করে। 

এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মনিরুলের।

এ বিষয় পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, হোসেন আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আর মনিরুলের মরদেহ রাজশাহী থেকে পাবনার পথে রয়েছে। মনিরুলের ঘটনায় অভিযুক্ত রাকিবকে আটক করা হয়েছে।

ওসি আরো জানান, হোসেন আলীকে গুলি করে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রকৃত কারণ উদ্ঘাটন ও তদন্তে কাজ করছে পুলিশ।