স্কুল থেকে ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
রাজশাহীর মতিহার থানার কাজলা এলাকায় স্কুল থেকে ফেরার পথে নন্দিনী ঘোষ নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে হামলার শিকার হন তিনি।
জানা যায়, নন্দিনী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। আজ সকালে তিনি ব্যবহারিক খাতা প্রস্তুতির কাজে স্কুলে গিয়েছিলেন। কাজ শেষ করে ফেরার পথেই এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিয়ে অতর্কিতে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত অবস্থায় নন্দিনীকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলাকারীকে শনাক্ত করতে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।