মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার বিকাল সোয়া ৩টার দিকে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
ওসি জানান, তিনটি বাইকে করে ৬ জন ব্যক্তি ব্যাংকের সামনে এসে লোকমান নামে ওই যুবককে গুলি করে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল বলে ভাষ্য ভুক্তভোগীর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।
পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ। ব্যাংক থেকে টাকা তোলার খবর আগে থেকেই কীভাবে চক্রের কাছে পৌঁছাল তা খতিয়ে দেখার কথা বলেছেন থানার পুলিশ কর্মকর্তারা।
ওসি বলেন, জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহের কাজ চলছে।
ঘটনার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ছয়জন দুষ্কৃতকারী তিনটি মোটরসাইকেলে এসে লোকমান নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার সঙ্গে থাকা একটি মুদ্রার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
ব্যাগে কী পরিমাণ মুদ্রা ছিল, এ বিষয়ে ওই ব্যবসায়ীর বরাতে মতিঝিলের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানান, ব্যাগে দেশি-বিদেশি মুদ্রা ছাড়াও ১৭ হাজার ডলার ছিল বলে তিনি আমাদের জানিয়েছেন। তিনি বিভিন্ন জায়গায় মুদ্রার খুচরা ব্যবসা করতেন।