০৭ জুন ২০২৬, ১৬:০১

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ: টিআইবি 

সংবাদ সম্মেলনে টিআইবি প্রধান   © সংগৃহীত

বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ রবিবার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অনেকটা নাজুক এবং খুন, ডাকাতি ও ধর্ষণের মতো অপরাধের ঘটনা অব্যাহত ছিল।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বর্তমান সরকারের ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ ছিল না। প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এই সময়ে অপরাধীদের দমনে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠার পাশাপাশি পুলিশের ওপর ১২৯টি হামলার ঘটনাও নথিভুক্ত করা হয়েছে।’

এছাড়া ২ হাজার ২১৪টি চুরির ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গবেষণায় নারী ও শিশু সুরক্ষার ক্ষেত্রেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। আলোচিত সময়ে দেশে ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং ৪৯ থেকে৭১ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। দেশের মানবাধিকার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন প্রয়োজন বলে টিআইবির পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে।