ময়মনসিংহে র্যাবের অভিযানে বিদেশি মদ ও গাঁজাসহ আটক ৪
ময়মনসিংহে র্যাব-১৪-এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩০২ বোতল বিদেশি মদ ও ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন মাদক কারবারিকে আটক করা হয়।
শনিবার (৬ জুন) দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া খালপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. কামাল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের শয়নকক্ষে রাখা একটি স্টিলের ট্রাংক থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে শনিবার (৬ জুন) ভোর পৌনে ৬টার দিকে কোতোয়ালী থানার দিঘারকান্দা ঢাকা বাইপাস মোড়সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ৩০২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানে মো. রবিউল ইসলাম (২৮), জরিপ মিয়া (২৬) ও মো. সুজন (৪১) নামে তিনজনকে আটক করা হয়। এ ছাড়া মদ পরিবহনে ব্যবহৃত পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
র্যাব-১৪-এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।