০৫ জুন ২০২৬, ২০:৪৯

টাকা-পয়সাসহ ছোট বোনকে নিয়ে সমকামী সহপাঠীর সাথে উধাও, অবশেষে উদ্ধার

দুই বোনসহ উদ্ধার তিন ছাত্রী  © সংগৃহীত

ছোট বোনকে নিয়ে সমকামী সহপাঠীর সঙ্গে পালানোর ৫ দিন রাজধানীর আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের দুই ছাত্রীসহ তিনজনকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। আজ শুক্রবার (৫ জুন) মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর মধ্যে দুজন ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ বলছে, থানায় দায়েরকৃত নিখোঁজ জিডির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়েছে।

পল্লবী থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) মো. হাসিবুর রহমান রনি নামে একজন থানায় এসে জানান যে, তার ১৭ বছর বয়সী মেয়ে গত সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে তার বান্ধবী (১৭) ও বান্ধবীর ছোট বোনকে (১৩) নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। একইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বান্ধবীর পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়। পরে পল্লবী থানা পুলিশের একটি টিম নিরলস অনুসন্ধান পরিচালনা করে শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকে উদ্ধার করে।

পুলিশ বলছে, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির ওই শিক্ষার্থীর একজন বিজ্ঞান বিভাগ এবং অপরজন ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী। তারা একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করত। উভয় পরিবার এ বিষয়ে অবগত ছিল এবং তাদের দেখা-সাক্ষাৎ ও যোগাযোগে বাধা দিত।

এ পরিস্থিতিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ওই কিশোরী গত সোমবার দুপুরে তার মাকে কোকের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়-চোপড়সহ তার ছোট বোনকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। পরবর্তীতে প্রেমিকাকে নিয়ে সিএনজিযোগে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসায় উঠে বসবাস শুরু করে। উদ্ধারকৃত তিন কিশোরীকে তাদের স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।