০৪ জুন ২০২৬, ১১:৫৩

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬২

সংঘর্ষে আহত ব্যক্তি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন  © টিডিসি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে নারী ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের সমর্থিত দুটি সামাজিক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ৪৫ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া অন্তত ১৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।