কক্সবাজারে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
কক্সবাজার শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. হৃদয় (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হৃদয় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার বাসিন্দা ও সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে উভয় পক্ষের সদস্যদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ধারালো অস্ত্র ও ছুরি নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায় উভয় পক্ষ।
সংঘর্ষে গুরুতর আহত হন পৌরসভার ইসলামপুর বাবুলের ঘোনা এলাকার আশরাফ ওরফে আসিফ (২৮) এবং পাহাড়তলী ইসলামপুর মসজিদ এলাকার আশরাফুল ইসলাম (২০)। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত দুই যুবকের শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। তাদের অবস্থা এখনো সংকটাপন্ন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পূর্ববিরোধ ও স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।