আকস্মিক পরিদর্শনে গিয়ে ৫ চিকিৎসককে শোকজ করলেন হাসনাত আব্দুল্লাহ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে এবং সেবার মান যাচাইয়ে পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনে গিয়ে সময়মতো কর্মস্থলে না পাওয়ায় ৫ চিকিৎসককে শোকজ (কারণ দর্শানোর) করার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২ জুন) সকালে এই পরিদর্শনের সময় ২৬ জন চিকিৎসকের মধ্যে ৫ জনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় তাদের দায়িত্ব অবহেলার দায়ে শোকজ করার নির্দেশ দেন তিনি। অনুপস্থিত ওই চিকিৎসকরা হলেন—মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়েশা সিদ্দিকা।
পরিদর্শন শেষে এমপি হাসনাত আব্দুল্লাহ সংবাদমাধ্যমকে জানান, হাসপাতালে বেশ কিছু অনিয়ম তার চোখে পড়েছে, যার মধ্যে অন্যতম চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে না আসা। এখন থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে সব চিকিৎসককে নিয়ে ব্রিফিং করবেন এবং সেই মিটিংয়ের উপস্থিতি শিট নিয়মিত এমপির কার্যালয়ে পাঠাতে হবে। একই সঙ্গে শোকজ পাওয়া চিকিৎসকরা যদি আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া ও দায়িত্ব অবহেলার কারণে সংসদ সদস্যের নির্দেশনায় ওই পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’
হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়াতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সব পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।