০২ জুন ২০২৬, ১৬:১৮

বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র সংঘর্ষ, কলেজছাত্র নিহত

ঘটনাস্থলে স্থানীয় লোকজন  © টিডিসি

নেত্রকোনা সদরে বিয়ের আসরে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফয়সাল মিয়া (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বামনিকোণার সংসদ বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মিয়া উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনিকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং স্থানীয় আবু আব্বাস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন রবিন (১৮), সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)। তারা সবাই উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনিকোণা গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বামনীকোনা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শাবানার বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো এবং ভিডিও বানানোর ঘটনা নিয়ে ফয়সালের সঙ্গে সেখানে আসা অন্যদের কথা-কাটাকাটি হয়। তখন বিয়ে বাড়ির লোকজন তাদের ঝগড়া থামিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পর কয়েকজন তরুণ লাঠিসোঁটা নিয়ে ফয়সালের ওপর হামলা চালান এবং কারেন্টের শক দেন। ফয়সল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে এ অবস্থাতেই নেত্রকোনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকওমৃত ঘোষণা করেন। 

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে বামনিকোণায় বিয়েবাড়িতে সংঘর্ষে ফয়সাল মিয়া নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চালানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।