হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রাম থেকে হেলেনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হেলেনা বেগম ওই গ্রামের শিপন মিয়ার স্ত্রী ও বাবুল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে নিজ বসতঘরের দরজার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হেলেনা বেগমকে দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে গোপলারবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হেলেনা বেগমের এটি ছিল দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় সংসারে তাদের কোনো সন্তান ছিল না। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে নিহতের বাবা-মা দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়; তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
গোপলারবাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শওকত আলী বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।