শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
ময়মনসিংহের তারাকান্দায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২২) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১ মে) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু রাহাত ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের মো. আবুল হাশিমের ছেলে। তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা-সংলগ্ন রওজাতুল আতফাল নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস জানান, ঈদুল আজহার ছুটির আগে মাদ্রাসা বন্ধ হওয়ার প্রাক্কালে শিক্ষক আবু রাহাত সব শিক্ষার্থীকে ছুটি দিলেও ওই ১০ বছরের শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করেন। পরে বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে নানা ভয়ভীতি দেখান। ছুটি শেষে শিশুটি বাড়ি চলে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রবিবার সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হলে সে বাবা-মার কাছে ঘটনাটি খুলে বলে।
এ ঘটনায় ভিকটিমের মা সুহিলা বেগম বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে সোমবার (১ জুন) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।