৩১ মে ২০২৬, ০৯:২৪

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে, পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

কুদ্দুস মিয়া (৬২) কে আটক করেছে পুলিশ  © টিডিসি ফটো

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাগিরাট গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কুদ্দুস মিয়া (৬২) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার  (৩০ মে) শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান কুদ্দুস মিয়া। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। 

এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে জনতা তাকে আটক করে গণধোলাই দেয়।

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।