৩০ মে ২০২৬, ১৮:১৩

৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক

৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক  © টিডিসি ফটো

গোপালগঞ্জে ২০ টাকার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শফিকুল মোল্লা (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) রাতে শহরতলীর বিসিক শিল্প নগরীর মধুমতি বেকারির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শফিকুলকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে।

নির্যাতিত শিশুটি শহরের মৌলভীপাড়া এলাকার এক প্রবাসীর ছেলে। সে এসকে আলিয়া মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। শুক্রবার সন্ধ্যায় বাসার কাছাকাছি থানাপাড়ায় দাদার বাসায় যাওয়ার পথে বিসিক ব্রিজের কাছ থেকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে তাকে ডেকে নেন শফিকুল। পরে মধুমতি বেকারিতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। শিশুটি চিৎকার করতে চাইলে তার মুখে বালিশ চাপা দেয়া হয় বলে জানা গেছে।

স্থানীয়রা ঘটনা জানতে পেরে শফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে শিশুটিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।

শিশুটির মা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযুক্ত শফিকুল মোল্লার বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামে। তিনি মধুমতি বেকারির কর্মচারী হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় মধুমতি বেকারির মালিক মো. আরিফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।