র্যাবের বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কুমিল্লার নাঙ্গলকোট থেকে লক্ষ্মীপুরের রায়পুর থানার একটি শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১১।বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শাহীন হোসেন রায়পুর উপজেলার উত্তর চরবংশী এলাকার সোনা মিয়া গাজীর ছেলে। বৃহস্পতিবার (৩০ মে) র্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মামলার বাদী ও আসামি শাহীন হোসেন পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বাদী কাজের প্রয়োজনে প্রায়ই বাসার বাইরে থাকতেন। গত ২৩ মে দুপুরে বাদীর অনুপস্থিতিতে তাঁর ১২ বছর বয়সি শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন শাহীন। এ সময় প্রতিবেশীরা বিষয়টি দেখে ফেললে শাহীন ভুক্তভোগী শিশুকে রেখে পালিয়ে যান।
এই ঘটনায় রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হলে র্যাব আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ছয়টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট থানার মুন্সি ডাইভার্সিটি স্টোরের সামনের সড়ক থেকে শাহীনকে গ্রেপ্তার করে র্যাবের একটি আভিযানিক দল।
র্যাব কর্মকর্তা মো. মুহিত কবীর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন ঘটনার সত্যতা এবং অপরাধ স্বীকার করেছেন। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে লক্ষ্মীপুরের রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।