চাঁদাবাজির ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা করল ছাত্রদলের সহ-সভাপতি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে চাঁদাবাজির ঘটনা ভিডিও ধারণ করতে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৭১ টিভির সাংবাদিক তাজরুল ইসলাম। জানা গেছে, স্থানীয় একটি চক্র নৌকা চালকের কাছে জোরপূর্বক চাঁদা দাবি করছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চক্রটির সদস্যরা নৌকা চালকের পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক তাজরুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনে মোবাইল ফোনে চাঁদাবাজির দৃশ্য ধারণ করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পরিচয় দেওয়া জন নামে এক ব্যক্তি এ সময় সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে ফোনে থাকা ভিডিও ফুটেজ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন ডকুমেন্ট ডিলিট করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাজরুল ইসলাম। অভিযোগে আরও বলা হয়েছে, সাংবাদিককে ধাক্কাধাক্কি, অকথ্য গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালাসী ঘাটে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ চাঁদাবাজি করে আসছে। ভুক্তভোগী নৌকা চালকসহ স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী চাঁদাবাজদের তৎপরতায় অতিষ্ঠ হয়ে উঠেছেন।
ভুক্তভোগী সাংবাদিক তাজরুল ইসলাম জানিয়েছেন, তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। সংগঠনটি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে বালাসী ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।