কাশিমপুর কারাগারে বন্দীদের ঈদের আনন্দ
কারাবন্দিদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে গাজীপুরের কাশিমপুর কারাগারগুলোয় সাজাপ্রাপ্ত, বিচারাধীন ও রাজনৈতিক বন্দিদের জন্য নেওয়া হয়েছে বিশেষ আয়োজন।
কারাগারের নির্ধারিত নিয়ম মেনে ঈদের দিন সকালে মুড়ি ও পায়েশ খেয়ে জামাতে অংশ নেন বন্দিরা। পাশাপাশি স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।
কারা সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সময়ে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ দুই শতাধিক রাজনৈতিক বন্দি বর্তমানে কাশিমপুরের চারটি কারাগারে রয়েছেন। এছাড়া সব মিলিয়ে এসব কারাগারে প্রায় ১০ হাজার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দি রয়েছেন।
রাজনৈতিক বন্দিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, আবুল কালাম আজাদ, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, সাংবাদিক শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং সাবেক পুলিশ কর্মকর্তা এস এম জসিম উদ্দিন মোল্লা।
কারা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন সকালে বন্দিদের মুড়ি ও পায়েশ পরিবেশন করা হয়। পরে তারা ঈদের নামাজ আদায় করেন। দুপুরের খাবারে ছিল পোলাও, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, মিষ্টি, সালাদ, কোল্ড ড্রিংকস এবং পান-সুপারি। কারা বিধি অনুযায়ী সাধারণ বন্দিদের পাশাপাশি ভিআইপি ও ডিভিশনপ্রাপ্ত বন্দিদের জন্যও একই ধরনের খাবারের ব্যবস্থা করা হয়।
কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার জানান, “সকালে মুড়ি ও পায়েশ খাওয়ার মধ্য দিয়ে বন্দিদের ঈদের দিন শুরু হয়। দুপুরের বিশেষ খাবার বন্দিদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। ঈদের এই আয়োজন পেয়ে বন্দিরা অনেক আনন্দিত।”
এদিকে ঈদের দিনে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বন্দিদের পরিবারের সদস্যরা। অনেকের কণ্ঠেই ছিল দীর্ঘদিন পর প্রিয়জনের কণ্ঠ শোনার আবেগঘন অনুভূতি।