২৬ মে ২০২৬, ০০:৫০

শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

প্রতীকী ছবি  © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক প্রবাসীর ১০ বছর বয়সী শিশুকন্যার সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার (২৫ মে) সকালে উপজেলার লোহাগাছ এলাকা থেকে অভিযুক্ত ইমাম খোরশেদ আলমকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত।

পারিবারিক জটিলতার কারণে শিশুটির মা অন্যত্র বসবাস করায় মেয়েটি অভিযুক্ত ইমামের পরিবারের তত্ত্বাবধানে ছিল।
অভিযোগ রয়েছে, সম্প্রতি এক রাতে শিশুটির সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন ওই ইমাম। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে শিশুটি তার প্রবাসী বাবার কাছে পুরো ঘটনা খুলে বলে।

মেয়ের কাছ থেকে বিষয়টি জানার পর শিশুটির বাবা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন। পরে এলাকাবাসী অভিযুক্ত ইমাম খোরশেদ আলমকে আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।