মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, আটক ৯
কক্সবাজার জেলার টেকনাফ উপকূলের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়।
আজ রবিবার (২৪ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে ওই এলাকায় চলাচলরত সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালায় কোস্ট গার্ড সদস্যরা।
তল্লাশির সময় বোটটিতে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট পাওয়া যায়। উদ্ধার করা সিমেন্টের পরিমাণ ৩৫৫ বস্তা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ ঘটনায় পাচারকাজে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
কোস্ট গার্ড আরও জানায়, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় চোরাচালান এবং অবৈধ পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।