২৪ মে ২০২৬, ০৯:৩৮

৭ম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ   © সংগৃহীত

মাগুরা জেলার শ্রীপুরে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এজাহারভুক্ত ৫ আসামি হলেন- জেলার শ্রীপুর থানার বাসিন্দা মো. সৌরভ (২১), অনিক (১৯), রানা বিশ্বাস (২০), নয়ন শেখ (১৯) এবং মো. হুসাইন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীকে ধর্ষণের সময় আসামিরা মোবাইলে সেই চিত্র ধারণ করে রাখেন এবং বিষয়টি কাউকে জানালে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। লোকলজ্জা ও আসামিদের ভয়ে ভুক্তভোগী শুরুতে বিষয়টি গোপন রাখে।

পরবর্তীতে গত ১৯ মে সকাল ১১টার দিকে ভুক্তভোগীর খালু স্থানীয় একটি চায়ের দোকানে বসে লোকজনের মোবাইল ফোনে ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়তে দেখে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর বাড়ি গিয়ে পরিবারকে বিষয়টি জানান। পরে ভুক্তভোগীর মা জিজ্ঞাসাবাদ করলে উপস্থিত সাক্ষীদের সামনে কান্নায় ভেঙে পড়ে পুরো ঘটনার বিবরণ দেয় ওই কিশোরী।

ঘটনার বিস্তারিত জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে গত ২২ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. আতাউর রহমান জানান, মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করে মাগুরা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।