২৩ মে ২০২৬, ২১:০৯

সন্ত্রাস বিরোধী আইনে আ.লীগের ২৬ নেতাকর্মী কারাগারে

প্রতীকী কারাগার  © সংগৃহীত

সন্ত্রাসী কার্যকলাপ করে অপরাধ সংগঠনের ষড়যন্ত্রসহ মিছিলে সমবেত হওয়ার অভিযোগে ধানমন্ডি থানায় করা মামলায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ রেজানুর রহমান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

এসময় আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা বিভিন্ন সময়ে ধানমন্ডি এলাকাসহ ঢাকা শহরের অলিগলিতে জনসম্মুখে বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রসহ অপপ্রচারের উদ্দেশ্যে পরস্পর সমবেত হয়ে মিছিল করে আসছিল। 

এর আগে, গত ২২ মে আসামিরাসহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকার বিরোধী মিছিল করার জন্য ঘটনাস্থলে সমবেত হয়। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যরা পরস্পর যোগসাজশে ও সহযোগিতায় সন্ত্রাসী কার্যকলাপ করে অপরাধ সংগঠনের ষড়যন্ত্রসহ মিছিলে সমবেত হন। তারা দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক করা, জন সাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জনজীবন বিপন্ন করার চেষ্টা করায় সন্ত্রাস বিরোধী আইন/২০০৯ এর ৮/৯(৩)/১০/১১/১২ ধারার অপরাধ করেছেন। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার এসআই মো. তানভীর মেহেদী বাদী হয়ে মামলা করেন।