বরগুনায় কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু পোনা জব্দ
বরগুনায় অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের প্রায় ২৩ লাখ অবৈধ বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় অবৈধভাবে রেণু পোনা পরিবহনের দায়ে দুই ট্রাকচালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ৩টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরগুনা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা পৌর বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গভীর রাতে টার্মিনাল এলাকায় তল্লাশি চালিয়ে দুটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক দুটিতে থাকা ২২৭টি ড্রাম থেকে আনুমানিক ২৩ লাখ বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়।
পরবর্তীতে সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদের উপস্থিতিতে জব্দ করা রেণু পোনাগুলো বরগুনা সদরের বড়ইতলা ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘প্রাকৃতিক উৎস থেকে এভাবে রেণু পোনা আহরণ সম্পূর্ণ অবৈধ। এতে নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, এর আগে বুধবার জেলার তালতলীর ছোটবগী এলাকা থেকেও অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ অবৈধ রেণু পোনা জব্দ করা হয়েছিল। পরে সেগুলো পায়রা নদীতে অবমুক্ত করা হয়।