২২ মে ২০২৬, ১৪:৩০

দেড় বছরের কন্যাশিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

অভিযুক্ত মা   © টিডিসি ফটো

দেড় বছরের কন্যাশিশুকে হত্যার অভিযোগে সিলেটে এক মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম মায়মুনা জান্নাত তোহা। শুক্রবার (২২ মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তোহা ওই এলাকার আমির আলী ও সুবিনা জান্নাত দম্পতির ছোট মেয়ে। ঘটনার পর শিশুটির মা সুবিনা জান্নাতকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে আমির আলী ফজরের নামাজ আদায়ের জন্য গ্রামের মসজিদে যান। যাওয়ার আগে তিনি স্ত্রী সুবিনাকে নামাজ পড়ার জন্য ডেকে তোলেন। স্বামী মসজিদে যাওয়ার পর ঘরের ভেতরে দেড় বছরের মেয়ে মায়মুনা জান্নাত তোহার হাত-পা বেঁধে বটি দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ সময় তাদের আরেক সন্তানকেও হত্যার চেষ্টা করা হলে শিশুটি দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে খবর দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে বাড়িতে ছুটে আসেন।

স্থানীয়দের দাবি, সুবিনা জান্নাত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তিন সন্তানের মধ্যে মায়মুনা জান্নাত নামের শিশুটি ছিল সবার ছোট। রাতে তার বাবা ফজরের নামাজ পড়তে গেলে মা তার সন্তানকে গলা কেটে হত্যা করে।’

তিনি আরও জানান, ‘সুবিনার স্বামী জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’