সুন্দরবনে দস্যুদের অপহরণের শিকার আরও ৬ জেলে
সুন্দরবনের বাগেরহাট অংশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের ছাপড়াখালী এলাকার নদী থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ফুসফুসেরচর এলাকা থেকে আরও ১২ জেলেকে অপহরণ করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকায় মাছ ধরার সময় জেলেদের নৌকা ও ট্রলারে হামলা চালিয়ে ছয় জেলেকে তুলে নিয়ে যায় দস্যুরা।
অপহৃতরা হলেন- শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হাফিজুল, ফাইজুর, বেল্লাল মীর ও ছলেমান, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের হাসিব। অপর এক জেলের নাম জানা যায়নি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বুধবার দিবাগত রাতে ছাপড়াখালী এলাকায় ছয় জেলে অপহরণের খবর তারা পেয়েছেন।
স্থানীয় জেলেদের দাবি, সুন্দরবনে এখন আতঙ্কের নাম জাহাঙ্গীর বাহিনী। তারা জেলে ও মৌয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। এতে জীবিকার তাগিদে অনেকেই বনমুখী হতে ভয় পাচ্ছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বনদস্যুদের তৎপরতায় এ বছর সুন্দরবনে মধু আহরণ ও মাছ ধরা কমে গেছে। ফলে রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব পড়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।